মূল্যস্ফীতি চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রের মর্টগেজ রেট বা গৃহ ঋণের গড় সুদহার বেড়েছে। শুক্রবার একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মর্টগেজ নিউজ ডেইলি তথ্যানুযায়ী, গড় ৩০ বছরের স্থায়ী মর্টগেজ রেট ৭ দশমিক ১৪ শতাংশে বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। খবর সিএনবিসি।
২০২৩ সালের অক্টোবরে মার্কিন মর্টগেজ রেট শীর্ষে পৌঁছেছিল। এরপর নভেম্বর ও ডিসেম্বরে তীব্রভাবে তা কমে আসে। গত বছরের শেষনাগাদ মার্কিন মর্টগেজ রেট ছিল ৬ দশমিক ৬ শতাংশ। কিন্তু সম্প্রতি সরকারি নতুন তথ্য মূল্যস্ফীতির চাপ প্রত্যাশার চেয়ে বেশি থাকায় তা আবার বাড়তে শুরু করেছে।
মর্টগেজ নিউজ ডেইলির চিফ অপারেটিং অফিসার ম্যাথিউ গ্রাহাম বলেন, ‘গত দুই সপ্তাহে মর্টগেজ রেট বাড়ার প্রবণতাকে দুইভাবে দেখা যেতে পারে। একদিকে আমরা এ সান্ত্বনা হিসেবে নিতে পারি যে— গত অক্টোবরের তুলনায় মর্টগেজ রেট এখনো প্রায় এক শতাংশ কম রয়েছে। অন্যদিকে ২০২৪ সালে মর্টগেজ রেট কমার আশা থাকলে তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে।’
গত বছরের শেষের দিকে যখন মর্টগেজ রেট বা গৃহ ঋণের সুদহার কমে যায় তখন ক্রেতারা আবাসন বাজার নিয়ে আশাবাদী হয়েছিল। তবে সেপ্টেম্বরের শুরুতে উচ্চ গৃহ ঋণের সুদহার এবং বাড়ির উচ্চমূল্য ক্রেতাদের ওপর চাপ বাড়িয়েছিল। কিন্তু ডিসেম্বরে নতুন নির্মিত বাড়ির বিক্রি ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মার্কিন আদমশুমারি ব্যুরো।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের (এনএএইচবি) একটি হোমবিল্ডার সেন্টিমেন্ট ইনডেক্স বা সূচক টানা ৩ মাস ধরে বেড়েছে। ফেব্রুয়ারিতে বিল্ডাররা পূর্বাভাস করেছিল আগামী কয়েক মাস মর্টগেজ রেট কিছুটা কমবে। এদিকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হোম বিল্ডার্সের (এনএএইচবি) চেয়ারম্যান অ্যালিসিয়া হুই জানান, ‘মর্টগেজ রেটের সামান্য পতনও ক্রেতাদের বাড়ি কেনার প্রতি আরো উৎসাহিত করবে।










