মালয়েশিয়ায় ফেব্রুয়ারি শেষে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১১৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৪২৮ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৫৪ হাজার ৫৪ কোটি ডলারের বেশি, যা জানুয়ারি শেষে দেয়া হিসাবের চেয়ে কিছুটা কম। এছাড়া ফেব্রুয়ারি শেষে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল প্রায় ২০ কোটি ২৭ লাখ ডলার। দেশটির কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম) সাম্প্রতিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্নামা।
জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে দেশটিতে রিজার্ভের পরিমাণ ৫৭ কোটি ডলার কমেছে। জানুয়ারির শেষে মালয়েশিয়ার রিজার্ভ ছিল ১১ হাজার ৪৮৫ কোটি ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্পেশাল ডাটা ডিসেমিনেশন স্ট্যান্ডার্ড (এসডিডিএস) অনুসারে রিজার্ভ ও অন্যান্য বৈদেশিক মুদ্রা সম্পদের তথ্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর মাধ্যমে পরবর্তী ১২ মাসের মেয়াদে ফেডারেল সরকার ও বিএনএমের বৈদেশিক মুদ্রার প্রত্যাশিত ও সম্ভাব্য ভবিষ্যৎ অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসও দেয়া হয়েছে। এক বিবৃবিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সামগ্রিকভাবে আইএমএফের এসডিডিএস ফরম্যাটের অধীনে আন্তর্জাতিক রিজার্ভের বিস্তারিত প্রকাশের নির্দেশনা অনুসরণ করছে মালয়েশিয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ছিল ১১ হাজার ৪২৮ কোটি ডলার।
বিএনএম জানায়, আগামী ১২ মাসের নির্দিষ্ট কিছু খরচের হিসাব বাদ দিয়ে রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা ঋণ, সিকিউরিটিজ ও আমানতের পূর্বনির্ধারিত স্বল্পমেয়াদি বহিঃপ্রবাহসহ ইন্টারব্যাংক বিল।










