গত বছর চীনে কয়লা উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছর দেশটি উত্তোলন আরো বাড়ার সম্ভাবনা দেখছে। সম্প্রতি শিল্প খাতসংশ্লিষ্ট একটি সূত্র এ পূর্বাভাস দিয়েছে। খবর রয়টার্স।

চীন বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার করে কয়লা। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ঊর্ধ্বমুখী রাখতে দেশটিতে অনেক বেশি পরিমাণে অপরিচ্ছন্ন জ্বালানিটি ব্যবহার করতে হবে।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি। এছাড়া দেশটি শীর্ষস্থানীয় কয়লা ব্যবহারকারী। গত বছর চীনে ৪০৭ কোটি টন কয়লা উত্তোলন হয়েছিল। অতীতে এত বেশি পরিমাণ কয়লা আর কখনো উত্তোলন করেনি দেশটি। মূলত কয়লার আকাশচুম্বী মূল্য নিয়ন্ত্রণ এবং দেশজুড়ে বিদ্যুতের ভয়াবহ সংকট মোকাবেলায় দেশটি উত্তোলন বাড়ায়।

চীনের ন্যাশনাল কোল অ্যাসোসিয়েশন (সিএনসিএ) এক প্রতিবেদনে জানায়, চলতি বছরও কয়লা উত্তোলন ব্যাপক হারে বাড়বে। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা থাকা সত্ত্বেও জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ সক্ষমতায় কয়লা ব্যবহার করবে চীন।

ন্যাশনাল কোল অ্যাসোসিয়েশন চলতি বছরের কয়লা উত্তোলন নিয়ে এখনো কোনো পূর্বাভাস দেয়নি। তাদের প্রত্যাশা, চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি বড় ও অত্যাধুনিক খনি চলতি বছর নতুন করে উত্তোলন সক্ষমতা যোগ করবে। কয়েকটি উত্তোলন দক্ষতার উন্নয়ন ঘটাবে। ফলে এরপর উত্তোলন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

চীনের নীতিনির্ধারকরা মার্চের শুরুতে বলেছেন, চলতি বছর দৈনিক ১ কোটি ২০ লাখ টনেরও বেশি কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। শিল্প খাতসংশ্লিষ্টদের পূর্বাভাস বলছে, চলতি বছর চীনে কয়লার চাহিদা বাড়বে। চীন সরকার কয়লা ব্যবহারে যেসব বিধিনিষেধ আরোপ করেছে, তা বাতিল করে দেয়া হয়েছে।