চলতি বছরের জুলাইয়ে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতে প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। তবে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়লেও আগের মাসের তুলনায় প্রবৃদ্ধির হার কমে এসেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

এবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে চীনের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ১ হাজার ৪২০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

তবে জুলাইয়ে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিললেও তা গত জুনের তুলনায় কমে এসেছে। চলতি বছরের জুনে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলনে ১১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস।

বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) চীনের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ১০ হাজার ৮৩০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

এদিকে গত জুলাইয়ে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৭৩ লাখ ৫০ হাজার টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছেন। এনবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৬ দশমিক ৯ শতাংশ।