৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও সমাপ্ত বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দ্য সিটি ব্যাংক লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৫ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও বাকি সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৪ টাকা ৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা ২৫ দশমিক ৯২ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬৫ পয়সা।

এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংকটির পরিচালন ব্যয় ছিল ২৮২ কোটি টাকা। সেখানে এ প্রান্তিকে পরিচালন ব্যয় হয়েছে ৩০৯ কোটি টাকা। পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ও কর বাবদ ব্যাংকের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে আয় বাড়লেও সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে।