ফ্রি টিকেটের মাধ্যমে পর্যটক আকৃষ্টের চেষ্টা চালাচ্ছিল হংকং। কিন্তু ১ ঘণ্টার মধ্যে ১২ হাজার ৫০০ ফ্রি এয়ার টিকিট বিক্রি হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের অনেক পর্যটক। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রি টিকিটগুলো ছেড়েছিল ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। কিন্তু অফার চালুর ৬০ মিনিটের মধ্যে উড়োজাহাজ সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, এরই মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। কারা বিজয়ী হয়েছে তা ২০ মার্চ জানানোর ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি শেষ হয়। 

উল্লেখ্য, বিমান টিকিট ফ্রি পেলেও কর ও সারচার্জ বাবদ অর্থ পরিশোধ করতে হবে গ্রাহককে। 

পর্যটক আকর্ষণে পাঁচ লাখ ফ্রি বিমান টিকেট সরবরাহ করছে হংকং সরকার। এর অংশ হিসেবে সিঙ্গাপুরবাসীর জন্য ১২ হাজার ৫০০ টিকিট ছেড়েছিল ক্যাথে প্যাসিফিক। আজ শুক্রবার ফিলিপাইনের জন্য ২০ হাজার ৪০০ রাউন্ড ট্রিপের টিকিট দেবে হংকং কর্তৃপক্ষ।