যুক্তরাষ্ট্রে বাড়তির দিকে রয়েছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। সর্বশেষ সপ্তাহে দেশটিতে জ্বালানি পণ্যটির অভ্যন্তরীণ মজুদ ৪ শতাংশের বেশি বেড়ে তিন লাখ ঘনফুট ছাড়িয়ে গেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও রয়টার্স।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ২০০ কোটি ঘনফুট বা ৮ হাজার ৫২৯ কোটি ঘনমিটারে। আগের সপ্তাহের তুলনায় দেশটিতে জ্বালানি পণ্যটির মজুদ ৪ দশমিক ১ শতাংশ বা ১২ হাজার কোটি ঘনফুট বেশি।

শুধু আগের সপ্তাহের তুলনায় নয়, বরং গত বছরের একই সময়ের তুলনায় সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ রেকর্ড ৩২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এমনকি গত পাঁচ বছরের গড়ের তুলনায় এ মুহূর্তে দেশটিতে বাড়তি ১৮ দশমিক ৩ শতাংশ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইআইএ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শীত মৌসুমকে কেন্দ্র করে গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতির দিকে ছিল। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ মন্দা ভাব দেখা গেছে জ্বালানি পণ্যটির মজুদে। তবে গত মাস থেকে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ বাড়তে শুরু করেছে, যা এখনো অব্যাহত রয়েছে।