পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (ইএপি) জন্য চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ শতাংশে নামিয়েছে বিশ্বব্যাংক। ঐ অঞ্চলের মধ্যে চীনের প্রবৃদ্ধি থাকবে ৫ দশমিক ১ শতাংশ। তবে অন্য দেশগুলো কিছুটা মন্দাবস্থার মুখোমুখি হবে। তাদের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালে ইএপি অঞ্চলে সামগ্রিকভাবে প্রবৃদ্ধি থাকবে ৪ দশমিক ৫ শতাংশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের প্রবৃদ্ধিতে প্রাথমিকভাবে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে অভ্যন্তরীণ অনুঘটকগুলো। তবে বাহ্যিক অনুঘটক অঞ্চলের বাকি অর্থনীতির ওপর বড় আকারে প্রভাব রাখতে পারে।
উচ্চঋণ ও আবাসন খাতের দুর্বলতাসহ বেশকিছু প্রতিবন্ধকতার কারণে চীনের প্রবৃদ্ধি আগামী বছর ৪ দশমিক ৪ শতাংশে নামতে পারে। অন্যদিকে, ইএপি অঞ্চলের বাকি অংশে ২০২৪ সালে প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হবে। বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার প্রভাব ফেলবে এ অঞ্চলের পুনরুদ্ধারে।










