জাপানের জনপ্রিয় ‘কিয়োহো’ আঙুরের স্বাদকে বরফ ও ঠাণ্ডা পানীয়ের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে এ দুটি পদ। গরমে সতেজতা দেয়ার পাশাপাশি শরতের আগমনি স্বাদ তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত ক্যাফে চেইনটি।
নতুন পানীয় দুটির একটি হলো ‘রিচ কিয়োহো ফ্রোজেন টি’ এবং অন্যটি ‘কিয়োহো চিল্যাক্স সোডা’। রিচ কিয়োহো ফ্রোজেন টির দাম শুরু হয়েছে ৬৮০ ইয়েন থেকে। এ পানীয়ের মূল উপাদান ব্ল্যাক টি বা চা। এর সঙ্গে যোগ করা হয়েছে ব্ল্যাক কারেন্ট বা ক্যাসিস, যা পানীয়টির আঙুরের স্বাদকে আরো বাড়িয়ে তোলে। গ্লাসের নিচের অংশে থাকে প্রচুর পরিমাণে কিয়োহো আঙুরের জেলি ও ফলের শাঁস বা পাল্প। ফলে প্রথম চুমুকেই পাওয়া যায় আঙুরের রসালো স্বাদ। জেলি ও ফলের শাঁস কালো চায়ের তিক্ততা ও কষভাব কমিয়ে পানীয়টিকে আরো মসৃণ, মিষ্টি ও সহজে পানযোগ্য করে তুলেছে।
অন্যদিকে কিয়োহো চিল্যাক্স সোডার দাম শুরু হয়েছে ৫৯০ ইয়েন থেকে। দাম কম হলেও স্বাদের দিক থেকে এটি কোনো অংশে পিছিয়ে নেই। কার্বোনেটযুক্ত এ পানীয়তে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘সবুজ লেবু বা গ্রিন সাইট্রাস’ সিরাপ। এতে লেবু ও লাইমের হালকা টক-মিষ্টি স্বাদের সঙ্গে কিয়োহো আঙুরের স্বাদ মিশানো হয়েছে। ফলে পানীয়টি গরমের দিনে ক্লান্তি দূর করে বেশ চাঙ্গা ও সতেজ অনুভূতি দেয়।
২০২৫ সালে বাজারে আসার পর স্টারবাকসের চিল্যাক্স সোডা জাপানে বেশ জনপ্রিয় হয়। জাপান টুডের স্টারবাকস বিশেষজ্ঞ কে মাসামি নতুন পানীয় দুটি চেখে দেখেছেন। তার মতে, দুটিতেই কিয়োহো আঙুরের স্বাদ স্পষ্ট। তবে পান করার অভিজ্ঞতায় পার্থক্য রয়েছে। একটিতে চা, বরফ, জেলি ও ফলের শাঁসের সমন্বয়, অন্যটিতে কার্বোনেটযুক্ত পানীয়ের ঝাঁঝালো সতেজতা।
ঋতুভিত্তিক খাবার ও পানীয় জাপানের বাজারে বেশ জনপ্রিয়। তাই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোও ঋতু পরিবর্তনের সঙ্গে মিল রেখে নতুন স্বাদের মৌসুমি পণ্যের সীমিত সংস্করণ বাজারে আনে। গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি মৌসুমি উপাদানকে গুরুত্ব দিতে স্টারবাকস নিয়মিত এমন উদ্যোগ নেয়। নতুন দুটি পানীয়ও জাপানের বিভিন্ন স্টারবাকস শাখায় সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। ফলে আগ্রহী ক্রেতারা নির্দিষ্ট সময়ের মধ্যেই পানীয় দুটির স্বাদ নিতে পারবেন। —খবর জাপান টুডে









