কয়েক মাসে ব্রাজিলে ভুট্টার দাম ক্রমাগত বাড়তির দিকে রয়েছে। এর জের ধরে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিতে ধস নামার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, দাম এভাবে বাড়তে থাকলে ব্রাজিলের ভুট্টার প্রতি আমদানিকারকদের আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তারা তুলনামূলক সস্তায় বিকল্প বাজার খুঁজতে শুরু করবেন। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

গত ৩১ আগস্ট ব্রাজিলের বাজারে রফতানিযোগ্য প্রতি কেজি ভুট্টা ৬১ দশমিক ২৫ ব্রাজিলিয়ান রিয়েলে (স্থানীয় মুদ্রা) বিক্রি হয়েছে। ২০০৪ সালের পর এটাই ব্রাজিলে কৃষিপণ্যটির সর্বোচ্চ দামের রেকর্ড। আন্তর্জাতিক বাজারেও ভুট্টার দাম বাড়তির দিকে রয়েছে। তবে ব্রাজিলে সেই তুলনায় কৃষিপণ্যটির দাম বেশি বাড়ছে।

ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ। তবে কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটির অবস্থান দ্বিতীয়। মূল্যবৃদ্ধির জের ধরে ব্রাজিল থেকে এবারের মৌসুমে ভুট্টা রফতানি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে গত ফেব্রুয়ারিতে ভুট্টার ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে। এবারের মৌসুমে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ১০ লাখ টন থেকে সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টন ভুট্টা রফতানির সম্ভাবনা রয়েছে। আগের মৌসুমে দেশটি থেকে মোট ৪ কোটি ১১ লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল। সেই হিসাবে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জের ধরে এবারের মৌসুমে ব্রাজিল থেকে ভুট্টা রফতানি কমতে পারে প্রায় এক কোটি টন।