পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে প্রায় ১৬ শতাংশ ও নিট মুনাফা বেড়েছে ৩০ শতাংশ। কোম্পানির সর্বশেষ প্রকাশিত চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে নাভানা ফার্মাসিউটিক্যালসের নিট বিক্রি হয়েছে ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৩৬৬ কোটি ২৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৯ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৬৭ লাখ টাকা বা ২৯ দশমিক ৫৬ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট বিক্র হয়েছে ১৫০ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২২ কোটি ৪৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮০ লাখ টাকা। চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা।