বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা (পরিচালক) দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের বিদায়ী নেতৃত্বের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন পুনর্নির্বাচিত সভাপতি ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানে নবনির্বাচিত তিন সহসভাপতি যথাক্রমে যমুনা গ্রুপের এমডি মো. শামীম ইসলাম, চৈতী গ্রুপের এমডি মো. আবুল কালাম ও পূর্বানী গ্রুপের এমডি শফিকুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। বিটিএমএ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৫ নভেম্বর সংগঠনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫-এর বিধি ২৪(১) অনুযায়ী ঘোষিত ফলাফলে জানানো হয়, আগামী দুই বছর বিটিএমএর নেতৃত্ব দেবেন শওকত আজিজ রাসেল।
একই সঙ্গে জানানো হয়, বিটিএমএর তিনজন ভাইস প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মো. শামীম ইসলাম, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মো. আবুল কালাম ও টেক্সটাইল প্রডাক্ট প্রসেসর ক্যাটাগরিতে শফিকুল ইসলাম সরকার।
২০২৫-২৭ মেয়াদে বিটিএমএর নির্বাচিত পরিচালকরা হলেন মো. বাদশা মিয়া, সাজিদ ইসরাক, মো. তানভীর খান, মো. শাহিদ আলম, মো. খোরশেদ আলম, আফরোজা খানম, রুহুল আমিন, মির্জা আহমেদ ইস্পাহানী, নাইম হোসেন, রুবায়েত হায়দার, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, সানচিয়া চৌধুরী, চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, সৈয়দ ইলিয়াস শিরাজী, সৈয়দ রেজওয়ানুল হক, মো. কাওসার হোসেন, নূরে-ইয়াসমিন ফাতেমা, নাদিরুজ্জামান খান, বিএম শোয়েব, মো. মিজানুর রহমান, মো. সোহেল খান, মাহবুবুর রহমান মনির ও মতিউর রহমান।









