টানা দুই মাস ভোজ্যতেলের মজুদ বাড়াচ্ছে ভারত। আসন্ন দুর্গা পূজা সামনে রেখে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অন্তত চারজন ডিলার জানিয়েছেন, আগস্টে ভোজ্যতেল আমদানি ৫ শতাংশ বেড়ে রেকর্ড ১৮ লাখ ৫ হাজার টন হয়েছে। টানা দুই মাসে ১০ লাখ টনের বেশি পাম অয়েল কিনেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। খবর রয়টার্স।
ভারত বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক। দেশটির প্রধান ধর্মীয় উৎসব সামনে রেখে ব্যাপক হারে আমদানি বাড়ানোয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ কমেছে। বাড়তি চাহিদার ফলে ভোজ্যতেলের দাম বেড়ে গেছে আন্তর্জাতিক বাজারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যমুখী তেল উৎপাদনকারী কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোতে উদ্ভিজ্জ তেলের মজুদেও চাপ পড়বে।
সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) জানিয়েছে, ২০২১-২২ বিপণন বছরে ভারতের গড় মাসিক ভোজ্যতেল আমদানির পরিমাণ ছিল ১১ লাখ ৭০ লাখ টন। আর চলতি বছরের জুলাইয়ে ভারত ১৭ লাখ ৬০ হাজার টন ভোজ্যতেল আমদানি করেছে।
অন্যদিকে ডিলারদের প্রাক্কলন অনুসারে, পাম অয়েল আমদানি জুলাইয়ে ছিল ১০ লাখ ৯০ হাজার টন। আগস্টে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার টন, যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ।
এসইএ চলতি মাসের মাঝামাঝি আগস্টের উদ্ভিজ্জ তেল আমদানির তথ্য প্রকাশ করতে পারে বলে জানা গেছে।
ভোজ্যতেল ব্যবসায়ী ও ব্রোকার জিজিএন রিসার্চের ম্যানেজিং পার্টনার রাজেশ প্যাটেল বলেন, ‘পরিশোধনকারীরা আসন্ন দুর্গা উৎসবের মৌসুমকে কেন্দ্র করে বিপুল পরিমাণে ক্রয় বাড়িয়েছে। খুচরা বাজারে এখন মাঝারি ধরনের চাহিদা।’ তবে সামনের মাসেই চাহিদা বেড়ে যাওয়ার আশা করছেন তারা।
ডিলারদের প্রাক্কলন, সূর্যমুখী তেলের আমদানি এক মাস আগের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৬৫ হাজার টন হয়েছে। এ সংখ্যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে সয়াবিন তেলের আমদানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার টনে।
উদ্ভিজ্জ তেলের ব্রোকারেজ সানভিন গ্রুপের সিইও সন্দীপ বাজোরিয়া বলেছেন, ‘সয়াবিন ও সূর্যমুখী তেলের তুলনায় পাম অয়েলের ডিসকাউন্ট বাড়তে থাকায় শোধনকারীরা পামঅয়েলের মজুদ বাড়াচ্ছেন।’ অন্যান্য ব্যবসায়ীর মতো তিনিও আসন্ন উৎসবের মৌসুমে বিক্রি বাড়ার প্রত্যাশায় রয়েছেন।
ভারত প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাম অয়েল আমদানি করে আর সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে।










