অপরিশোধিত তেলের পর এবার রাশিয়া থেকে কম মূল্যে গম কিনতে যাচ্ছে ভারত। দেশটি আগামী বছর রাজ্য ও জাতীয় নির্বাচনের আগে খাদ্যের সরবরাহ বাড়াতে ও খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ আমদানির ফলে বাজারে গমের মূল্য কমবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে গত ১৫ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি জুলাইয়ে ছিল। ভারতে পাইকারি গমের দাম ১০ শতাংশ বেড়ে সাত মাসের সর্বোচ্চ। গমের মজুদ বিগত ১০ বছরের তুলনায় ২০ শতাংশ কম। সূত্র জানায়, সরকার বেসরকারি বাণিজ্য ও সরকারি চুক্তির মাধ্যমে আমদানি বিবেচনা করছে।
ভারত কয়েক বছর ধরে কূটনৈতিক চুক্তির মাধ্যমে গম আমদানি করেনি। এর আগে ২০১৭-তে ৫৩ লাখ টন গম আমদানি করেছিল দেশটি। রয়টার্স এ বিষয়ে ভারতের অর্থ, বাণিজ্য ও সরকারের মুখপাত্রদের কাছ থেকে মন্তব্য জানতে চাইলে তারা ই-মেইলের কোনো উত্তর দেননি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে রাশিয়া ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে প্রতিদিন ১ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারত। চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। দেশটি আগে নিয়মিত ইরাক ও সৌদি আরব থেকে তেল কিনত। বর্তমানে এর চেয়েও বেশি পরিমাণ তেল রাশিয়া থেকে কিনছে।










