দেশের প্রথম বে-মেয়াদি লভ্যাংশহীন মিউচুয়াল ফান্ড সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের সাবস্ক্রিপশন শেষ হয়েছে। গতকাল এ ফান্ডের সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সন্ধানী এএমএল)। এর আগে গত ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষায় এ ফান্ডটি ব্যতিক্রমী ডিজাইনে সাজানো হয়েছে। পাশাপাশি এখান থেকে বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্তভাবে ভালো রিটার্ন দেয়া সম্ভব হবে। এ ফান্ড পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

চলতি বছরের ১ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৫তম কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ কোটি টাকা প্রদান করেছে। যা ফান্ডটির প্রাথমিক আকারের ২০ শতাংশ। আর বাকি ৪০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনিয়োগ করেছে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।