লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) কমেছে তামার দাম। এ নিয়ে টানা ছয় সপ্তাহ ধরে ধাতুটির বাজার নিম্নমুখী। বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কায় তামার চাহিদা দুর্বল হয়ে পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৯ হাজার ৫৫ ডলারে বিক্রি হয়েছে। একদিনের ব্যবধানে দাম কমেছে দশমিক ৪ শতাংশ। ছয় সপ্তাহ ধরে অব্যাহতভাবে দাম কমছে। ২০১৯ সালের পর দরপতনের এমন ধারাবাহিকতা আর দেখা যায়নি। চলতি বছরের এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৭ শতাংশ কমেছে।
এদিকে দাম কম থাকায় এলএমইর গুদামগুলোয় বাড়ছে তামার মজুদ। দাম বাড়ার আশায় ব্যবসায়ীরা বাজারে তামা ছাড়ছেন না। বছরের এখন পর্যন্ত এসব গুদামে মজুদ ৩৫ শতাংশ বেড়ে ১ লাখ ৭৭ হাজার টনে উন্নীত হয়েছে।










