ছয় মাসের মধ্যে প্রথমবার মতো সেপ্টেম্বরে
চীনের কারখানায় কাজের গতি সম্প্রসারিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত
এক অফিসিয়াল ফ্যাক্টরি জরিপের সূচকের উন্নতি অনুসারে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি
স্থিতিশীল হতে শুরু করেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস
অনুসারে, অফিশিয়াল পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা পিএমআই ৪৯ দশমিক ৭ থেকে সেপ্টেম্বরে
৫০ দশমিক ২-এ উন্নীত হয়েছে। ৫০ পয়েন্টের সীমানা অতিক্রম কারখানা কার্যকলাপের সম্প্রসারণকে
নির্দেশ করে। যা ৫০ দশমিক শূন্য এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
আবাসন খাতে ঋণ সংকটে জর্জরিত অর্থনীতিকে
সঠিক পথে ফিরিয়ে আনতে বেইজিং বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে রিজার্ভে
ব্যাংকের জমা রাখার পরিমাণ হ্রাস ও বন্ধকির হার হ্রাস।
চলতি বছরে চীনের অর্থনীতির জন্য প্রায়
৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অবশ্য বিশ্লেষকরা বলছেন, এ
লক্ষ্য নিশ্চিত করতে আরো নীতিগত সহায়তার প্রয়োজন হবে।
এদিকে গত আগস্টে চীনের কারখানায় উৎপাদন
ও খুচরা বিক্রি দ্রুত গতিতে বেড়েছে। ওই সময় রফতানি ও আমদানির পতনের হার সংকুচিত হয়েছে
ও মুল্যস্ফীতির চাপ কমেছে।
তবে আবাসন খাতে বিনিয়োগের ঘাটতি অর্থনীতির
পুনরুদ্ধারের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। গত আগস্টে ১০ মাসের মধ্যে দ্রুত গতিতে
কমেছে নতুন বাড়ির দাম এবং আবাসন খাতে বিনিয়োগ টানা ১৮তম মাস হ্রাস পেয়েছে।
এ খাতে মন্দার কারণে গত সপ্তাহে এশিয়ান
ডেভেলপমেন্ট ব্যাংক চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক শূন্য শতাংশ থেকে
৪ দশমিক ৯ শতাংশে কমিয়ে এনেছে।










