ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নতুন পেট্রল ও ডিজেলচালিত গাড়ি উৎপাদনে ২০৩৫ সালের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক তীব্র রূপ ধারণ করেছে। নিষেধাজ্ঞা তুলে নিতে জার্মানির চাপের মুখে রয়েছে আঞ্চলিক জোটটি। এ পরিস্থিতিতে ব্রাসেলসকে নির্ধারিত সময়ের প্রতি অটল থাকার আহ্বান জানিয়েছে সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো ও পোলেস্টার। দ্য গার্ডিয়ান।
কোম্পানি দুটি বলছে, জার্মানি মূলত নিজেদের গাড়ি শিল্পের সমস্যাগুলো ঢাকতে চাচ্ছে। দেশটি যদি ২০৩৫ সালের নিষেধাজ্ঞা বাতিল করার চেষ্টা করে, তাহলে শুধু বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ব্যবহার ধীরগতিতে বাড়বে না, বরং চীনা কোম্পানিগুলো এ পরিস্থিতি থেকে ব্যবসায়িক সুবিধা নেবে।
পোলেস্টারের সিইও মাইকেল লোশেলার বলছেন, ‘নিষেধাজ্ঞা স্থগিত করা একেবারেই ভুল সিদ্ধান্ত।’
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ ২০৩৫ সালের সময়সীমা কিছুটা বাড়িয়ে দিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে অনুরোধ করেছেন।
চ্যান্সেলর বলেন, ‘২০৩৫ সালের পরও নতুন হাইব্রিড ও জ্বালানি সাশ্রয়ী কম্বাসশন গাড়ি উৎপাদনের অনুমতি দেয়া হোক। কারণ গ্রাহকরা এখনো ইভি কেনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত।’
তিনি আরো জানান, তারা কমিশনকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে এবং জার্মান সরকার চাইছে প্রযুক্তি নির্বিশেষে পরিবেশ রক্ষা করা হোক।
পোলেস্টারের সিইও লোশেলার জানিয়েছেন, ইইউর এক বছরের পুরনো ‘কৌশলগত সংলাপে’ তিনি অংশ নিতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে আমন্ত্রণ করা হয়নি।
তিনি বলেন, ‘আমি দুবার চিঠি লিখেছি, দ্বিতীয় চিঠির উত্তরও পাইনি।’
লোশেলার জানান, অতীতে নতুন নিরাপত্তা বা পরিবেশবান্ধব প্রযুক্তি, যেমন সিটবেল্ট বা ক্যাটালিটিক কনভার্টারের বিরুদ্ধে ছিল গাড়ি শিল্প। কিন্তু বাধ্যতামূলক হওয়ায় তা ধীরে ধীরে চালু হয়েছে। একইভাবে ইভি ও নতুন প্রযুক্তি নিয়েও বাধ্যতামূলক নীতি না থাকলে গাড়ি শিল্প তা গ্রহণ করতে দেরি করবে।










