রাশিয়ান গ্যাসের প্রবাহ কমে যাওয়ায় জার্মানিতে তীব্র হচ্ছে সরবরাহ সংকট। বিদায়ী বছর দেশটিতে পণ্যটির আমদানি ২০২১ সালের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ কমেছে। ফলে নিম্নমুখী হয়ে উঠেছে রফতানি ও ব্যবহারও। সম্প্রতি দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জার্মানির শীর্ষ গ্যাস সরবরাহকারী ছিল রাশিয়া। কিন্তু গত মাসে দেশটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে নরওয়ে। মোট আমদানির ৩৩ শতাংশই এসেছে দেশটি থেকে। রাশিয়া থেকে এসেছে ২২ শতাংশ।

২০২১ সালে জার্মান গ্যাস আমদানিতে ৫২ শতাংশ অবদানই ছিল রাশিয়ার। রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে অব্যাহত গ্যাস সরবরাহ কমিয়েছে। প্রথম ৬০ শতাংশ এবং পরে ৮০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় মস্কো। এমনকি সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ শূন্যের কোটায় নেমে গিয়েছিল। কারণ ওই সময় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া থেকে সৃষ্ট সরবরাহ ঘাটতি কিছুটা লাঘব করা হচ্ছে অন্যান্য উৎস থেকে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে। বর্তমানে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও নরওয়ে থেকে গ্যাস আমদানি করা হচ্ছে। ঘাটতি পূরণে সরকার বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

রাশিয়া থেকে পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রতিবেশী দেশগুলোয় বেশ ভালো পরিমাণ গ্যাস রফতানি করত জার্মানি। কিন্তু সরবরাহ সংকোচনের কারণে দেশটির রফতানিও লক্ষণীয় মাত্রায় কমেছে।

নিয়ন্ত্রক সংস্থার দেয়া তথ্যানুযায়ী, বিদায়ী বছর রফতানি ৫০১ টেরাওয়াট ঘণ্টায় নেমেছে। এর আগে যা ছিল ৭৪৯ টেরাওয়াট ঘণ্টা। সে হিসাবে রফতানি এক-তৃতীয়াংশ কমেছে।