মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির রাইজ সেন্টারে নতুন করে সংস্কারকৃত ‘রাইজ সেমিনার রুম’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ-একাডেমিয়া সহযোগিতা আরো সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইজের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, এমজিআইয়ের নির্বাহী পরিচালক (ইউসিআইএল) মোহাম্মদ খোরশেদ আলম, চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা ও সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিনসহ বুয়েটের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও এমজিআইয়ের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এমজিআই ও বুয়েটের চলমান সহযোগিতার অংশ হিসেবে সেমিনার রুমটি আধুনিকায়ন করা হয়েছে। এটি গবেষণা, জ্ঞান বিনিময়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এ রুমের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিল্প খাতে বাস্তব অভিজ্ঞতা, নতুন প্রযুক্তি এবং ইনোভেশনের ক্ষেত্রে মতবিনিময় আরো সহজ হবে।

উল্লেখ্য, রাইজের সঙ্গে এমজিআইয়ের নির্মাণসামগ্রী খাত যৌথভাবে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। শিল্প গ্রুপটি ভবিষ্যতেও বুয়েটের সঙ্গে এ ধরনের আরো যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী। —বিজ্ঞপ্তি