চলতি বছরের জুলাইয়ে ঘুরে দাঁড়িয়েছে অ্যারাবিকা কফির আন্তর্জাতিক বাজার। আগের মাসের তুলনায় এ সময় পানীয় পণ্যটির গড় দাম কেজিতে ১২ সেন্ট বেড়েছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন (আইসিও) ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস ডেইলি ও এগ্রিমানি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি অ্যারাবিকা কফির গড় দাম ছিল ২ ডলার ৯৯ সেন্ট। পরের মাসে পানীয় পণ্যটির গড় দাম বেড়ে দাঁড়ায় ৩ ডলার ২৭ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৩৬ শতাংশ বেশি। এপ্রিলে আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফির দাম আরো ৪ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৩ ডলার ৪১ সেন্টে উন্নীত হয়।

তবে মে ও জুনে অ্যারাবিকা কফির দাম কমেছে। এ দুই মাসে প্রতি কেজি অ্যারাবিকা কফির গড় দাম ছিল যথাক্রমে ৩ ডলার ৩০ ও ৩ ডলার ১২ সেন্ট। মে মাসে পানীয় পণ্যটির দাম কমেছে ৩ দশমিক ২৩ ও জুনে ৫ দশমিক ৪৫ শতাংশ।

তবে জুলাইয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে অ্যারাবিকা কফির আন্তর্জাতিক বাজার। এ সময় পানীয় পণ্যটির গড় দাম আগের মাসের তুলনায় ৩ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৩ ডলার ২৪ সেন্টে। সেই হিসাবে এক মাসের ব্যবধানে অ্যারাবিকা কফির গড় দাম বেড়েছে কেজিতে ১২ সেন্ট।