পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ কমেছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪২ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা।










