বৈশ্বিক কার্যক্রম বিস্তারের ঘোষণা দিয়েছে শপআপ। সৌদি আরবভিত্তিক ব্র্যান্ড সারি ও পবিত্র মক্কা মিউনিসিপ্যালিটির বিনিয়োগ শাখা আল-বালাদ আল-আমিন টেকনোলজিসের মধ্যে এক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় একটি নতুন যৌথ উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য মক্কা নগরীর খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সংগঠিত ও স্থিতিশীল করতে একটি সমন্বিত ডিজিটাল প্লাটফর্ম চালু করা। শপআপের মূল প্লাটফর্ম সিল্কের বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো তৈরির লক্ষ্য বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা জানিয়েছে, বিটুবি সরবরাহ শৃঙ্খল খাতে শপআপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং লজিস্টিক পরিবেশ—হজ ও ওমরাহ মৌসুমের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে।
শপআপের পক্ষ থেকে জানানো হয়, যৌথ উদ্যোগটি খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম স্থাপন করবে।
এর ফলে ক্যাটারিং কন্ট্রাক্টর এবং সরবরাহকারীরা একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ কাঠামোর মাধ্যমে তাদের অর্ডার পরিচালনা করতে পারবেন। পণ্যের উৎস নিশ্চিতকরণ এবং কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ প্লাটফর্ম প্রতি বছর লাখ লাখ হাজির জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত খাদ্যসেবা নিশ্চিত করবে।
প্রাথমিক পর্যায়ে এ প্লাটফর্মটি সৌদি আরবের স্থানীয় সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্লাটফর্মটি পূর্ণতা পেলে এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য একটি নিয়ন্ত্রিত ও সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা সরাসরি হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে শপআপ উদীয়মান বাজারের উৎপাদকদের সঙ্গে বিশ্ববাজারের সংযোগ ঘটিয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্য করিডোর তৈরি করতে চায়।










