২০২২-২৩ অর্থবছরে গম আমদানি বাড়ানোর প্রত্যাশা করছে ইন্দোনেশিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বিদেশী কৃষি পরিষেবার এক প্রতিবেদনে বলা হয়, বাজার অস্থিতিশীলতার মধ্যেও মিলাররা আরো সঞ্চয় নিশ্চিত করতে চাচ্ছেন।

ওয়ার্ল্ডগ্রেইনের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে গম আমদানি ১ কোটি ১৫ লাখ টনে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পূর্বাভাস ছিল, ওই অর্থবছরে শস্যপণ্যটি আমদানি হবে ১ কোটি ১২ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে গম আমদানির পূর্বাভাস ছিল ১ কোটি ১০ লাখ টন। পরে পূর্বাভাস বেড়ে ১ কোটি ১২ লাখ টনে উন্নীত করা হয়।

ইউএসডিএ জানায়, ইন্দোনেশিয়ার গম শিল্প খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। আরো মিল বাড়ায় বাজারে প্রতিযোগিতা তুঙ্গে রয়েছে। হাইব্রিড বীজের ব্যবহারও ঊর্ধ্বমুখী রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে ভুট্টা উৎপাদন ১ কোটি ২৮ লাখ টনে উন্নীত হয়। ২০২২-২৩ অর্থবছরে শস্যপণ্যটির উৎপাদন আরো বেড়ে ১ কোটি ৩০ লাখ টনে উন্নীত হয়।

এদিকে বিশ্ববাজারে ভুট্টা ও গমের দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ইন্দোনেশিয়ার ভুট্টা আমদানি ১৩ লাখ টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। অথচ এর আগে পূর্বাভাসে বলা হয়েছিল, ভুট্টা আমদানি হবে ১২ লাখ টন।