প্রপার্টি খাতের আয়ে ধস নেমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গোপন নানা দায়দেনার বোঝা। ফলে চীনের স্থানীয় সরকারগুলোর ঋণ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় চলতি বছর রেকর্ড পরিমাণ বন্ড ইস্যু করেছে দেশটির স্থানীয় সরকারগুলো। এতে চীনা স্থানীয় সরকারগুলোর সম্মিলিত ঋণের স্থিতি পৌঁছেছে রেকর্ড প্রায় ১৯ ট্রিলিয়ন বা ১৯ লাখ কোটি ডলারের সমপরিমাণে। খবর নিক্কেই এশিয়া।
চীনের স্থানীয় সরকার ও তাদের প্রকল্পে তহবিল জোগায় লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্সিং ভেহিকলস (এলজিএফভি)। আনুমানিক হিসাবে, সংস্থাটির ঘাড়ে বর্তমানে চেপে বসেছে ১৩৪ ট্রিলিয়ন ইউয়ান বা ১৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ঋণ। এর বড় একটি অংশ আবার নেয়া হয়েছে বাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে। সুদহার কমিয়ে রেখে আপাতত এ সংকট সামলানো যাবে বলে অভিমত বিশ্লেষকদের। কিন্তু দীর্ঘমেয়াদে দেশটিতে মূল্যসংকোচন আরো বাড়বে।
চীনের অর্থ মন্ত্রণালয় অক্টোবরে স্থানীয় সরকারের জন্য ৫০ হাজার কোটি ইউয়ান ঋণ অনুমোদন করে। এ ঋণের অর্থ বাজারভিত্তিক দায়দেনা হ্রাস ও বিনিয়োগ প্রকল্পে ব্যবহার হবে। আবার স্থানীয় সরকারগুলোও ক্রমেই বন্ড ইস্যু করা বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে চীনা অর্থ মন্ত্রণালয়ের সদ্য গঠিত ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান লি দাওয়েই বলেন, ‘স্থানীয় সরকারগুলো মূলত বন্ড ইস্যুতে মনোযোগ দিচ্ছে। দ্রুত বন্ড বিক্রি এবং যতটা সম্ভব এর সুবিধা ভোগ করতে চাইছে এসব কর্তৃপক্ষ।’
চীনে নভেম্বর পর্যন্ত ১১ মাসে স্থানীয় সরকার বন্ড ইস্যুর পরিমাণ ১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এটি গত বছরের সম্মিলিত ৯ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ানের তুলনায় বেশি এবং এক বছরে সর্বাধিক বন্ড ইস্যুর রেকর্ড। বাজারে স্থানীয় সরকার বন্ডের মোট স্থিতি এখন ৫৪ ট্রিলিয়ন ইউয়ান, যা ডলারের হিসাবে সাড়ে ৭ ট্রিলিয়নেরও অনেক বেশি।
অর্থসংস্থানে চীনের স্থানীয় সরকারগুলোর বন্ডনির্ভরতা বেড়ে যাওয়ার একটি বড় কারণ হলো প্রপার্টি খাত থেকে আয় কমে যাওয়া। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে স্থানীয় সরকারের বিক্রীত আবাসন ও রিয়েল এস্টেট সম্পত্তির মোট মূল্য ছিল প্রায় আড়াই ট্রিলিয়ন ইউয়ান। যেখানে ২০২১ সালেও প্রপার্টি খাত থেকে বছরজুড়ে ৯ ট্রিলিয়ন ইউয়ানের কাছাকাছি পরিমাণ অর্থ আয় করেছিল এসব স্থানীয় কর্তৃপক্ষ।
ক্রেতা না থাকায় চলতি বছরেও স্থানীয় সরকারগুলোর বিক্রির জন্য নির্ধারিত ১০ শতাংশের বেশি সম্পত্তিতে কোনো মূল্য প্রস্তাব (বিড) আসেনি বলে জানিয়েছেন ঝংটাই ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক ইউ জিপেই।
বন্ড ইস্যু বৃদ্ধির আরেকটি কারণ হলো স্থানীয় সরকারগুলোর গোপন দায়দেনা। মূলত এলজিএফভি বা স্থানীয় সরকার মালিকানাধীন বিনিয়োগ কোম্পানির ইস্যুকৃত করপোরেট বন্ডের মাধ্যমে এ ঋণ সংগ্রহ করা হয়। আবার এলজিএফভির ঋণের স্থিতি নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তথ্য পরিষেবাদাতা ডিজেডএইচের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ প্রায় ৪ হাজার ইউয়ান সুদসহ এলজিএফভির ইস্যুকৃত বন্ডের মোট দায়দেনার পরিমাণ ছিল ৮৭ ট্রিলিয়ন ইউয়ান। নিজস্ব ইস্যুকৃত ৪৭ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের বন্ডের সঙ্গে এটিকে যুক্ত করলে স্থানীয় সরকার বন্ড খাতে ঋণের সম্মিলিত আকার দাঁড়ায় ১৩৪ ট্রিলিয়ন ইউয়ানে।
এর আগে ২০২৪ সালে চীনে এলজিএফভি ঋণ ৬৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রাক্কলনে জানানো হয়েছিল। তবে অন্যান্য পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, চীনের স্থানীয় সরকারের ব্যালান্স শিটে অপ্রদর্শিত ঋণের আকার অন্তত ৬০-৮০ ট্রিলিয়ন ইউয়ান।
বড় ঋণ থাকলেও পর্যাপ্ত মুনাফা সাপেক্ষে কোনো সংস্থা সহজে টিকে থাকতে পারে। কিন্তু সংস্থাটি এমন প্রকল্পগুলোয় অর্থায়ন করে যার খুব কমই লাভজনক। গত বছর এলজিএফভির নিট মুনাফা ছিল প্রায় ৫৫ হাজার কোটি ইউয়ান। আবার একই সময়ে ১ ট্রিলিয়ন ইউয়ানের বেশি ভর্তুকি পেয়েছে সংস্থাটি। এ ভর্তুকির অর্থ বাদ দিলে গত বছর এলজিএফভির লোকসানের হার দাঁড়ায় প্রায় ৫০ শতাংশে।
বড় ঋণ থাকা সত্ত্বেও স্থানীয় সরকারের প্রকল্পগুলোর জন্য সরকারি গ্যারান্টি হিসেবে কাজ করে এলজিএফভি। দীর্ঘস্থায়ী মূল্যসংকোচনের ফলে নিম্ন সুদহারের ওপর ভর করে কার্যক্রম চালিয়ে যেতে পারলেও সংস্থাটির দায়দেনার আকার এখন বেইজিংয়ের কেন্দ্রীয় সরকারকেও উদ্বিগ্ন করে তুলেছে। সম্প্রতি ১০ ট্রিলিয়ন ইউয়ানের অতিরিক্ত মূল্যের স্থানীয় সরকার বন্ড অনুমোদন করেছে শি জিনপিং সরকার। এর লক্ষ্য হলো স্থানীয় সরকারের কাছে এলজিএফভি ঋণ স্থানান্তর করা। এক্ষেত্রে বেইজিংয়ের শঙ্কার জায়গাটি হলো এলজিএফভির দায়দেনার কারণে যাতে বড় কোনো আর্থিক সংকট দেখা না দেয়।
চীনে স্থানীয় সরকারের আর্থিক কার্যক্রম চালু রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার শিথিল মুদ্রানীতি। বেইজিংয়ের স্থানীয় সরকারের অধীনে এলজিএফভি ইস্যুকৃত করপোরেট বন্ডের গড় রিটার্ন চলতি বছরে দাঁড়িয়েছে ২ দশমিক ১ শতাংশে, যা ২০২১ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কম।
অনেকের আশঙ্কা, মূল্যসংকোচন চীনের ঋণ সমস্যার সমাধানকে সাময়িকভাবে পিছিয়ে দিতে পারে। এতে দেশটির আর্থিক খাতের স্থিতিশীলতা অর্জন কঠিন হয়ে পড়তে পারে। দেশটির জিডিপি প্রবৃদ্ধির নমিনাল হারকে যদি নমিনাল সুদহারের ওপরে ধরে রাখা যায়, তাহলে চীন সরকারের ঋণ পরিশোধ করা সহজ হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষণা সংস্থা এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের ইউসুকে মিয়ুরা বলেন, ‘চীনে জিডিপির নমিনাল প্রবৃদ্ধির হার ৩ শতাংশের ঘরে নেমে আসছে। আর নমিনাল সুদহার এখন প্রায় ২ শতাংশ। অর্থাৎ দুটোর ব্যবধান সংকীর্ণ হয়ে পড়ছে।’
চীনে সরকারি বন্ডের বেশির ভাগই ইউয়াননির্ভর। সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি হিসাবের বৃহৎ আকারের কারণে স্থানীয় সরকারের ইস্যুকৃত বন্ডের ক্রেতা চাহিদা শিগগিরই কমার আশঙ্কা নেই। তবে আর্থিক পরিস্থিতি নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছে বেইজিং। এরই মধ্যে বড় আকারের খরচ এড়াতে শুরু করেছে বেইজিং। যদিও চাহিদা সংকটের কারণে দেশটিতে মূল্যসংকোচনের আশঙ্কাও বাড়ছে।










