দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল পেঁয়াজের দর। তবে হঠাৎ করে একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ২-৫ টাকা। আমদানি কমে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতীয় ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ শনিবার বিক্রি হয়েছে ৪৮-৪৯ টাকা দরে। গতকাল একই জাতের পেঁয়াজের দাম উঠেছে ৫৩-৫৪ টাকায়। আর নাসিক জাতের পেঁয়াজ ৫৮ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আকস্মিক এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন পাইকারি ও সাধারণ ক্রেতারা।

বন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজ সরবরাহ করেন অনেকে। তেমনই একজন পাইকার সাদ্দাম হোসেন বলেন, ‘‌পেঁয়াজের দাম প্রচুর ওঠানামা করছে। আমরা একদামে কিনে মোকামে পাঠাচ্ছি, পরদিন এসে আর সেই দামে কিনতে পারছি না। বাধ্য হয়ে কম পরিমাণে পেঁয়াজ কিনতে হচ্ছে বেশি টাকায়।’

দুর্গা পূজার সময় ভারত থেকে সাতদিন পেঁয়াজ আসবে না। বন্দরগুলোও ছুটিতে থাকবে। এ কারণে মোকামগুলো আগাম পেঁয়াজ মজুদ করে রাখতে চাইছে। সাদ্দাম হোসেন বলেন, ‘‌আগে যে মোকাম এক ট্রাক পেঁয়াজ কিনত, এখন তারা তিন-চার ট্রাক করে পেঁয়াজ চাচ্ছে। বাড়তি এ চাহিদার কারণে আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আনা কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। বাড়তি দামের কারণে আমাদের কিনতে সমস্যা হচ্ছে, পুঁজি বেশি লাগছে।’

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, ‘‌বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। কিছুদিন আগে বৃষ্টির কারণে ভারতে পেঁয়াজের খেত নষ্ট হয়েছে। এতে উৎপাদন কমে গেছে এবং ভারতের মোকামে দাম বেড়ে গেছে। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে সব স্থলবন্দর দিয়েই আমদানি-রফতানি বন্ধ থাকবে। আর মাত্র চারদিন পরই এ ছুটি শুরু হবে। এ কারণে দেশের মোকামগুলো এক ট্রাকের জায়গায় তিন-চার ট্রাক করে পেঁয়াজ কিনছে। কিন্তু ভারতে দাম বাড়ায় আমদানি কিছুটা কমে গেছে। এমন অবস্থায় দেশের বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দাম সামান্য বেড়েছে। পূজার ছুটি শেষ হলে দাম আবারো কমতে পারে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আবারো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কমেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে বন্দর দিয়ে ৬১টি ট্রাকে ১ হাজার ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। কিন্তু শনিবার পেঁয়াজ এসেছে ৩৯ ট্রাক। এতে আমদানি নেমে এসেছে ১ হাজার ১৪৬ টনে।’