করোনা মহামারীর কারণে গত বছরের বড় একটা সময়জুড়ে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বিদ্যমান থাকায় কলম্বিয়া থেকে কফি রফতানি কমেছে। কলম্বিয়ার এফএনসি ইন্ডাস্ট্রি ফেডারেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি ও এগ্রিমানি।
কলম্বিয়া বিশ্বের শীর্ষ অ্যারাবিকা কফি উৎপাদনকারী দেশ। আন্তর্জাতিক বাজারে কলম্বিয়ায় উৎপাদিত অ্যারাবিকা কফির চাহিদা রয়েছে ভালো। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে কলম্বিয়া থেকে আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফি রফতানি ১২ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কমেছে। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফি রফতানি হয়েছে ১ কোটি ২৫ লাখ ব্যাগ, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ কম। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৩৭ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি রফতানি হয়েছিল।
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় জ্বালানি তেল ও খনিজ দ্রব্যের পর সবচেয়ে বড় রফতানি আয়ের উৎস কফি। দেশটির প্রায় সাড়ে পাঁচ লাখ পরিবার কফি উৎপাদন ও রফতানির সঙ্গথ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ব্রাজিল ও ভিয়েতনামের পর কলম্বিয়া বিশ্বের তৃতীয় শীর্ষ কফি (অ্যারাবিকা, রোবাস্তা ও গ্রিন কফি মিলিয়ে) রফতানিকারক দেশ।










