বিদায়ী বছরে পাম অয়েলের বৈশ্বিক উৎপাদন প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর জের ধরে করোনা মহামারীর মধ্যে আন্তর্জাতিক বাজারে চাঙ্গা হয়ে উঠেছে পণ্যটির দাম। এমনকি শীত মৌসুমেও কমেনি পাম অয়েলের দাম। ২০২১ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পণ্যটির দাম বাড়তি থাকতে পারে। দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) গিয়ে তা কমে আসার সম্ভাবনা রয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান গোদরেজ ইন্টারন্যাশনালের পরিচালক দোরাব মিস্ত্রি এ সম্ভাবনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও স্টার অনলাইন।

খাতসংশ্লিষ্ট এক ওয়েবিনারে অংশ নিয়ে গোদরেজ পরিচালক বলেন, ২০২০ সালে বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। বেড়েছে দাম, যা ২০২১ সালের দ্বিতীয়ার্ধে গিয়ে কমে আসতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম ৬ শতাংশ বেড়েছে।