বোর্নিও দ্বীপে নুসানতারা নামে নতুন রাজধানী নির্মাণযজ্ঞ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া। তারই ধারাবাহিকতায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রায় ২৭০ কোটি ডলারের আবাসন প্রকল্প শুরু হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু করবে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ অর্থনীতিটি। মঙ্গলবার রাতে এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্ট জোকো উইডোডোর সরকার। এ প্রকল্পের আওতায় ১৮৪টি অ্যাপার্টমেন্ট টাওয়ার নির্মাণ হবে। যেখানে সরকারি, সেনা ও পুলিশ কর্মকর্তার থাকার ব্যবস্থা হবে। দূষণ, জলাবদ্ধতা ও জনভারে বিপর্যস্ত জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ায় পরিকল্পনা ঘোষণা করা হয় ২০১৯ সালে। ইন্দোনেশিয়ার বনাঞ্চলীয় বোর্নিও দ্বীপে ওই রাজধানী নির্মাণ প্রজেক্টের জন্য ৩ হাজার ২০০ কোটি ডলারের তহবিল গঠন করা হয়। ২০২৪ সালের মধ্যে কিছু সরকারি কার্যক্রম নুসানতারায় সরিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ এরই মধ্যে শুরু হয়ে গেছে। সরকারি ও বেসরকারি অংশীদারত্ব বা পিপিইর মাধ্যমে বিশাল এ নির্মাণযজ্ঞ পরিচালিত হবে। রয়টার্স
নতুন রাজধানী নুসানতারায় আবাসন প্রকল্প নির্মাণ শুরু ইন্দোনেশিয়ার
বোর্নিও দ্বীপে নুসানতারা নামে নতুন রাজধানী নির্মাণযজ্ঞ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া।










