বাংলাদেশ ব্যাংকের এনএফআইএস এডমিনিস্ট্রেটিভ ইউনিটের (এনএইউ) উদ্যোগে রাঙ্গামাটিতে ‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলার পর্যটন হলিডে কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রান্তিক নারীদের বিভিন্ন আর্থিক পরিষেবা সম্পর্কে অবহিতকরণ ও এর আওতায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে সেমিনারটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনএইউর পরিচালক শায়েমা ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। এনএইউর অতিরিক্ত পরিচালক শাহানা ফেরদৌসীর সঞ্চালনায় ইউএনডিপির জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক সুতপা চৌধুরীসহ আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে প্রান্তিক নারীদের আর্থিক সেবার বর্তমান চিত্র, বিদ্যমান প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও তারা নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা ও ই-কমার্স সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি কর্মশালায় আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও নারীবান্ধব অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের মাধ্যমে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান প্রাঙ্গণে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ বুথ স্থাপন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রান্তিক নারীদের সঙ্গে নিয়ে ডেপুটি গভর্নর বুথগুলো পরিদর্শন করেন। এছাড়া সুবিধা বঞ্চিত নারী ও স্থানীয় নারী উদ্যোক্তারা কর্মশালায় তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। একই সঙ্গে অংশগ্রহণকারীদের জন্য একটি সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, এমএফএসপি ও ক্ষুদ্র ঋণ সংস্থার প্রতিনিধিসহ মোট ১২০ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
—বিজ্ঞপ্তি










