বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার হওয়া লিথিয়ামকে বিশেষ কাঁচামালের স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এখন থেকে ইইউভুক্ত দেশগুলোয় লিথিয়াম ‘ক্রিটিকাল র ম্যাটেরিয়াল’
হিসেবে বিবেচিত হবে। মূলত চাহিদা বৃদ্ধির জের ধরে আগামী দিনগুলোয় আমদানিনির্ভরতায় লাগাম টেনে নিজস্ব উৎস থেকে লিথিয়ামের সরবরাহ বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে ইইউ। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে রীতিমতো বিপ্লব শুরু হয়েছে। হু হু করে বাড়ছে এসব গাড়ির চাহিদা। স্বাভাবিকভাবেই বেড়ে গেছে গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার হওয়া কাঁচামাল লিথিয়ামের চাহিদাও। শুধু ইউরোপের গাড়ি তৈরির কারখানাগুলোয় ২০৫০ সাল নাগাদ কাঁচামালটির চাহিদা বর্তমানের তুলনায় ৬০ গুণ বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে। একই সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর সামরিক পণ্য উৎপাদনে ২০৫০ সাল নাগাদ লিথিয়ামের চাহিদা বাড়তে পারে ১০ গুণ।
প্রয়োজনীয় লিথিয়ামের বেশির ভাগ আমদানির মাধ্যমে পূরণ করে ইইউ। জোটভুক্ত দেশগুলোয় আমদানি করা লিথিয়ামের ৭৮ শতাংশ এককভাবে জোগান দেয় লাতিন আমেরিকার চিলি। চীন থেকেও লিথিয়াম আমদানি করে ইইউ। ক্রমবিকাশমান বৈদ্যুতিক গাড়ির বাজারে কাঁচামালটির আমদানিতে এ নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎসগুলোর বিকাশে লিথিয়ামকে ক্রিটিকাল র ্যোটেরিয়াল হিসেবে ঘোষণা দিল ইইউ। এর মধ্য দিয়ে নিজেদের খনি থেকে লিথিয়াম উত্তোলন বাড়াতে কাজ শুরু করবে জোটটি।
এর আগে বক্সাইট, কোবাল্ট, জারমেনিয়াম, ইন্ডিয়াম, গ্রাফাইট, ফসফরাসসহ অন্তত ২০টি ধাতুকে ক্রিটিকাল র ম্যাটেরিয়ালের স্বীকৃতি দিয়েছে ইইউ।










