বৈশ্বিক তুলার ভবিষ্যৎ সরবরাহ মূল্য চলতি সপ্তাহে ৩ শতাংশের বেশি কমেছে। মার্কিন সরকারের সাম্প্রতিক এক সাপ্তাহিক রফতানি প্রতিবেদনের পর তুলার বাজারের এমন দরপতন লক্ষ্য করা গেছে। এর মধ্য দিয়ে সম্প্রতি পরপর তিন সপ্তাহ ধরে প্রাকৃতিক পণ্যটির মূল্যপতন ঘটেছ। সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুয়ায়ী, এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের তুলা রফতানি কমেছে ৭১ শতাংশ। খবর রয়টার্স।
বৈশ্বিক তুলার সর্ববৃহৎ উৎপাদক দেশ যুক্তরাষ্ট্র, আর শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, সম্প্রতি দেশটিতে তুলা রফতানি কমেছে ৭১ শতাংশ। সর্বশেষ সপ্তাহে দেশটির তুলা রফতানির পরিমাণ ছিল ৭৮ হাজার ৪০০ বেল (১ বেল=৩ দশমিক ৫ মণ প্রায়)। যদিও ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের তুলা রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ২৪ হাজার ৭০০ বেল, যা আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ বেশি।
এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) তুলার মে মাসের ভবিষ্যৎ সরবরাহ মূল্য সর্বশেষ ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। আর পাউন্ডপ্রতি তুলার দাম ৭৭ দশমিক ৯৩ সেন্ট নির্ধারিত হয়। চলমান বাজারে ৭৭ দশমিক ৭৮ থেকে ৮১ দশমিক ৫২ সেন্টে দাঁড়ায় তুলার বিক্রয়মূল্য। বাজারে তুলার মূল্যসংকোচন ৩ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে।
তুলার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিথ ব্রাউন অ্যান্ড কোম্পানির প্রধান বলেন, তুলার মূল্যসংকোচন বৈশ্বিক বাজারকে দারুণভাবে প্রভাবিত করবে। এরই মধ্যে বিক্রি অনেকটা কমে গেছে। বিক্রির হার আমাদের প্রত্যাশারও অনেক নিচে নেমে গেছে।










