ব্রাজিল বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি ব্যবহারকারী দেশ। গত বছর দেশটিতে পানীয় পণ্যটির ব্যবহার ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪৫ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি)। সম্প্রতি শিল্প সংস্থা এবিক এ তথ্য জানিয়েছে।
বার্ষিক সমীক্ষায় ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত কফি ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। এতে আরো বলা হয়, ব্যবহারের দিক থেকে ব্রাজিল যুক্তরাষ্ট্রের চেয়ে ৪৫ লাখ ব্যাগ পেছনে রয়েছে। দেশটি বিশ্বের শীর্ষ কফি ব্যবহারকারী দেশ।
কফি উৎপাদন ও রফতানিতে ব্রাজিল বিশ্বের নেতৃস্থানীয় দেশ। ২০১৭ সালে দেশটি কফি ব্যবহারে রেকর্ড গড়েছিল। ব্যবহারের পরিমাণ ছিল ২ কোটি ২০ লাখ ব্যাগ। গত বছর সে তুলনায় পাঁচ লাখ টন কম কফি ব্যবহার হয়েছে। এক দশকে দেশটিতে কফির ব্যবহার ১০ লাখ ব্যাগেরও বেশি করে বেড়েছে বলে জানায় এবিক।
তবে ব্যবহার বাড়লেও গত বছর বেশি দাম দিয়েই ভোক্তাদের কফি কিনতে হয়েছে। সরবরাহ নিশ্চিত করতেও নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। এছাড়া গত বছর দ্বিবার্ষিক উৎপাদন চক্রের অফ ইয়ার ছিল। তার ওপর খরার ধাক্কায় উৎপাদনে ধস নামে। এ কারণে গ্রিন কফির দাম এক বছরে ১৫৫ শতাংশ বেড়ে গিয়েছিল।










