একই সঙ্গে বিশ্বব্যাপী টানা নবম বছরের মতো এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে সপ্তমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে, যা গ্রাহকসেবা, পণ্য ও প্রযুক্তিতে ব্যাংকটির ধারাবাহিক নেতৃত্বকে আরো সুদৃঢ় করেছে। এইচএসবিসি বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ইউরোমানি ট্রেড ফাইন্যান্স জরিপ মূলত বিশ্বব্যাপী ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সক্ষমতার ওপর ভিত্তি করে র্যাংকিং প্রকাশ করে। এতে ৯৬টি দেশের ১২ হাজার ৭০০ ট্রেড ফাইন্যান্স বিশেষজ্ঞ ও করপোরেট ট্রেজারারদের মতামতের প্রতিফলন ঘটে।
এবারের জরিপে এইচএসবিসি মোট ১৮টি অপারেটিং মার্কেটের মধ্যে ১৬টিতেই শীর্ষস্থান অর্জন করেছে। এ ফলাফল ব্যাংকটিকে নির্ভরযোগ্য বাণিজ্যিক অর্থায়ন অংশীদার হিসেবে আরো দৃঢ়ভাবে স্বীকৃতি দিয়েছে, যা কর্মক্ষেত্রে গভীর দক্ষতা, শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক বাণিজ্য পরিচালনায় সহায়তা করছে।
এ অর্জন সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘বাংলাদেশে অষ্টমবার এবং বিশ্বব্যাপী নবমবারের মতো ১ নম্বর বাণিজ্যিক অর্থায়ন ব্যাংক হিসেবে মনোনয়ন পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এ পুরস্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, এ সময়ে গ্রাহকদের বাণিজ্যের গুরুত্ব ও জটিলতা দুটোই আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।’
তিনি আরো বলেন, ‘ইউরোমানির এ সম্মাননা কেবল একটি পুরস্কারই নয়; এটি গ্রাহকদের আস্থার প্রতিফলন ও আমাদের কর্মীদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। বৈশ্বিক অর্থনৈতিক পথচলায় আমরা গ্রাহকদের পছন্দের অংশীদার হতে পেরে সত্যিই অভিভূত।’
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান আহমদ রাবিউল হাসান বলেন, ‘এ স্বীকৃতি আমাদের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন, যারা সর্বোত্তম পরিষেবা ও উদ্ভাবনী বাণিজ্যিক সমাধান নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনে সদা সচেষ্ট রয়েছে। আমাদের প্রতি গ্রাহকদের অব্যাহত আস্থা ও অংশীদারত্বের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তাদের সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব দক্ষতার ভিত্তিতে উদ্ভাবনী ব্যাংকিং সমাধানে এইচএসবিসি তার বিনিয়োগ অব্যাহত রাখবে, যাতে বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী সংযুক্ত হতে পারে।’










