মার্কিন বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপ ১ শতাংশের মতো কর্মী ছাঁটাই করছে। তবে ছাঁটাইয়ের মধ্যে কোম্পানিটির প্রতিকার দল (রেমিডিয়েশন টিম) অন্তর্ভু্ক্ত নয়। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

আগের দিন ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ালস্ট্রিটভিত্তিক এ ব্যাংক শত শত কর্মী ছাঁটাই করছে। এর মধ্যে কোম্পানিটির বিনিয়োগ বিভাগের কর্মীও রয়েছে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে মন্তব্য করতে রাজি হয়নি সিটিগ্রুপ।

২০২০ সালে নিয়ন্ত্রকদের জারি একটি সম্মতি আদেশের ওপর কাজ করে সিটিগ্রুপের প্রতিকার টিম। এ টিম ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ ইস্যু নিয়ন্ত্রণ করার কাজ করে। কোম্পানিটি এতে বিপুল বিনিয়োগ করেছে।

এর আগে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর আর্থিক নীতির মন্দা আশঙ্কার কারণে গোল্ডম্যান স্যাকস ও মরগ্যান স্ট্যানলির মতো অন্যান্য প্রধান ওয়াল স্ট্রিট ব্যাংক হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এবার একই পদক্ষেপে হাঁটল সিটিগ্রুপ।

উল্লেখ্য, ২০২২ সালে চতুর্থ ত্রৈমাসিক হিসাবে সিটিগ্রুপের কর্মিবাহিনী রয়েছে ২ লাখ ৪০ হাজার জনের।