কর্মী ছাঁটাই অব্যাহত থাকলেও গত মাসে ভারতের শিল্পোৎপাদন বেড়েছে। গতকাল বেসরকারি এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
ভারত যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলা করছে সমীক্ষাটিতে তা ফুটে উঠেছে। ভারতের অর্থনীতি চলতি অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ ও পরবর্তী অর্থবছরে ৬ শতাংশ সম্প্রসারণ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
ম্যানুফ্যাকচারিং খাতে এসঅ্যান্ডপি গ্লোবাল সংকলিত গত মার্চের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ছিল ৫৬ দশমিক ৪ পয়েন্ট। গত ফেব্রুয়ারিতে যা ছিল ৫৫ দশমিক ৩ পয়েন্ট।
গত ডিসেম্বরের পর থেকে শিল্পোৎপাদন চাঙ্গা হয়েছে। ফেব্রুয়ারি থেকে বেড়েছে বিদেশী ক্রয়াদেশ। শিল্পোৎপাদন কার্যক্রমে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েনি। এর মধ্যে নতুন কর্মী নিয়োগও দেখা যায়নি।










