শেষ হয়েছে জমজমাট কাতার বিশ্বকাপ। বিভিন্ন দেশের ফুটপ্রেমী থেকে শুরু করে ভ্রমণার্থীরা ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে ছুটে গেছে উপসাগরীয় দেশটিতে। বাড়তি লোকসমাগম স্বাভাবিকভাবেই দেশটির খুচরা ও পরিষেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। কাতার ফাইন্যান্সিয়াল সেন্টারের সর্বশেষ পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) দেখা গেছে, ফিফা বিশ্বকাপের কারণে নভেম্বর ও ডিসেম্বরে ব্যবসায়িক কার্যক্রমে দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে।
কাতারে পাইকারি, খুচরা ও পরিষেবা খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বর্ধিত মূল্য বাবদ অনেক বেশি আয় করতে সমর্থ হয়েছে তারা। কাতারের পিএমআই মূলত জ্বালানিবহির্ভূত ব্যক্তিগত খাতের ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, সরবরাহ সময় ও পণ্যের মজুদের ওপর নির্ভর করে গণনা করা হয়।
তথ্য অনুসারে, পিএমআই নভেম্বরের ৪৮ দশমিক ৮ পয়েন্ট থেকে ডিসেম্বরে হয়েছে ৪৯ দশমিক ৬ পয়েন্ট, যা ২০২২ সালের শেষে সামগ্রিক জ্বালানিবহির্ভূত বেসরকারি খাতের ব্যবসায়িক অবস্থার স্থিতিশীলতার দিকেই ইঙ্গিত করে। উল্লেখ্য, পিএমআই ৫০ পয়েন্টের ওপরে থাকলে কার্যক্রম সম্প্রসারণ ও নিচে থাকলে সংকোচন বোঝায়।
এদিকে ডিসেম্বরে টানা ৩০তম মাসে উৎপাদন বেড়েছে জ্বালানি তেলবহির্ভূত বেসরকারি খাতের। তাছাড়া নভেম্বর থেকে সামান্য পরিবর্তিত যোগ হয়েছে প্রবৃদ্ধির হারেও। শুরুর দিকে অবকাঠামোগত কর্মকাণ্ড কিছুটা বিঘ্নিত হলেও সাপ্লাই চেইনের উন্নয়নের মাধ্যমে কার্যক্রমে গতি সঞ্চার হয়। নভেম্বরে উৎপাদন সূচক ছিল ৬২ দশমিক ৮ পয়েন্ট।
এদিকে গত বছরজুড়ে সূচক প্রবণতা ৬৯ পয়েন্টে ছিল, যা মূলত সমীক্ষার ইতিহাসে ৫৪ দশমিক ৮-এর দীর্ঘমেয়াদি প্রবণতার তুলনার বিপরীতে সর্বোচ্চ সংখ্যার প্রতিনিধিত্ব করে।
সংশ্লিষ্টদের ভাষ্য, ফিফা বিশ্বকাপ আয়োজন কাতারের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখেছে। বিশেষ করে পরিষেবা খাত চালিত ব্যবসায়িক কার্যক্রম দেশটির অর্থনীতিতে বড় ধরনের গতি সঞ্চার করেছে। ফলে উৎপাদন সূচক ও পিএমআই প্রবণতা যথাক্রমে ৬৯ পয়েন্ট ও ৫৭ দশমিক ৭ পয়েন্টে পৌঁছেছে। এ সূচক ২০১৭ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট।
তাছাড়া দেশটির আর্থিক পরিষেবা খাত ২০২২ সালের শেষ মাসে ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক বৃদ্ধি রেকর্ড করে, যা প্রায় ছয় বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বৃদ্ধি। সব মিলিয়ে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটি বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়। তাই ধারণা করা হচ্ছে, পর্যটনের একটি প্রত্যাশিত ও স্থায়ী স্থান হতে যাচ্ছে কাতার।










