দেশে চিনির দাম আর বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রংপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‌এ মুহূর্তে আমাদের ডলারটা একটা লেভেলে আছে, হয়তো আর বাড়বে না। আমাদের তো চিনি হয় না। সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে। কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে।’

চিনির উচ্চ দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেটা বাড়ছে, আপনারা সবাই জানেন ডলারের ভ্যারিয়েশনে দাম বাড়ে-কমে। যেহেতু আমদানি করে আনতে হয়, ডলারের দামটা যদি একটু কমে আসে, তাহলে কমানো যায়। আবার ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে ইন্টারন্যাশনাল ভ্যালু সেটেল করতে গেলে দামটা বাড়ে।’

সম্প্রতি সরকার প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১৩৫ টাকা ও খোলা চিনি ১৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। তবে বাজারে সরকার নির্ধারিত এই দরের চেয়ে কেজিপ্রতি ১৩ টাকা বেশি অর্থাৎ ১৪৮ টাকায় বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিনি। আর প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকার মধ্যে।

অভ্যন্তরীণ বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রফতানি নিষিদ্ধ রেখেছে ভারত। এতে বিশ্ববাজারে দাম বেড়েছে পণ্যটির।