বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডেমোগ্রাফিক
ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল সংখ্যক তারুণ্যের কর্মসংস্থানের মাধ্যমে
অর্থনৈতিকভাবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। লিঙ্গ সমতা আনয়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে
বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসনীয়।
শনিবার (৪ নভেম্বর) হোটেল শেরাটনে সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত
১৪তম সাউথ এশিয়ান ইকোনোমিক সামিটে 'রিফ্রেমিং সাউথ এশিয়ান ইকোনোমিক কোঅপারেশন ইন দ্য
নিউ কনটেক্সট ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ডাইমেনশন' শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষায় মেয়ে শিক্ষার্থীদের হার
৯৮ শতাংশে উন্নতি হয়েছে। সমাজের প্রতিটি সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। প্রধানমন্ত্রী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা,
আইসিটি ট্রেনিং ও ডিজিটাল সংযুক্তির মাধ্যমে হাইটেক পার্ক নির্মাণ, তরুণদের জন্য ফ্রিল্যান্সিং
সহজীকরণে কম্পিউটার ও বিভিন্ন ধরণের প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত সুবিধা প্রদান করে আসছে।
তিনি বলেন, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের
মাধ্যমে এই অঞ্চলকে তথ্য প্রযুক্তির স্মার্ট হাব হিসাবে গঠন করতে হবে।
স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক, স্মার্ট
অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজের পাশাপাশি স্মার্ট উদ্যোক্তা গড়ে তুলতে হবে।
নারী উদ্যোক্তাদের জন্য স্মার্ট ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। তরুণ উদ্যোক্তারাই
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডিয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর রেহমান
সোবহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিপিডির নির্বাহী
পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দুর্গা ভট্টরাই, পাকিস্তান
স্টেট ব্যাংকের সাবেক গভর্ণর ড. ইসরাত হুসাইন, শ্রীলংকা সেন্ট্রাল ব্যাংকের গভর্ণর
ড. নন্দলাল বীরাসিংহেসহ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।










