শতাধিক ওয়াইড বডি উড়োজাহাজের ক্রয়াদেশ দিতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। ক্রয়াদেশ চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। আলোচনায় যুক্ত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবর অনুসারে, আগামী ডিসেম্বরে উড়োজাহাজ ক্রয়াদেশ চুক্তির ঘোষণা দিতে পারে ইউনাইটেড এয়ারলাইনস। যদিও এখনো সময়সীমা চূড়ান্ত করা হয়নি। বিষয়টি নিয়ে সংস্থাটি কয়েক মাস ধরে উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা করছে। তবে এ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে নির্মাতা প্রতিষ্ঠানগুলো কোনো সাড়া দেয়নি।

কভিডের বিপর্যয় কাটিয়ে আন্তর্জাতিক ও ব্যবসায়িক ভ্রমণ পুনরুদ্ধারের এ সময়ে মাল্টিবিলিয়ন ডলারের এ উড়োজাহাজ ক্রয়াদেশের খবর সামনে এল। যদিও উড়োজাহাজ ভ্রমণ প্রাক-কভিড পর্যায়ে পৌঁছতে আরো কিছু সময় লাগবে। বছরের পর বছর বাজারে দাপট দেখানো ওয়াইড বডি জেটের চাহিদা আবারো ফিরে আসছে। বিশেষ করে বোয়িংয়ের চাহিদা পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। একের পর এক সংকট কাটিয়ে স্বরূপে ফেরার চেষ্টা করছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত আগস্টে সংস্থাটি প্রথম ড্রিমলাইনার সরবরাহ করে।

ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কট কিরবি ডেনভারের একটি প্রশিক্ষণ অধিবেশনে যোগদানকারী পাইলটদের বলেন, বহর আপগ্রেড করার জন্য তিন ডিজিটের একটি ক্রয়াদেশ দেয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

গত বছরও সংস্থাটি একটি বড় ন্যারো বডি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছিল। বোয়িং ও এয়ারবাসকে ওই ক্রয়াদেশ দেয়া হয়েছিল। পুঁজিবাজারে দেয়া সংস্থাটির সর্বশেষ ফাইলিং অনুসারে, ইউনাইটেডের বহরে ৪০০টিরও বেশি উড়োজাহাজ ছিল। সংস্থাটির বহরে থাকা বেশির ভাগ উড়োজাহাজই বোয়িংয়ের।

গত আগস্টে এভিয়েশন খাতের প্রকাশনা প্রতিষ্ঠান এয়ারলাইন উইকলি একটি প্রতিবেদনে জানিয়েছে, ইউনাইটেড এয়ারলাইনস তার বহরে নতুন এয়ারবাস কিংবা বোয়িংয়ের ওয়াইড বডি উড়োজাহাজ যুক্ত করার চেষ্টা করছে। সংস্থাটির লক্ষ্য দুই আইলের উড়োজাহাজের বহর বাড়ানো। এ খবর প্রকাশের পর পুঁজিবাজারে সংস্থাটির শেয়ারদর প্রথম সেশনে কিছুটা কমে গিয়েছিল। তবে দিনের শেষ দিকে কিছুটা বেড়ে প্রতি শেয়ার ১৩৩ ডলারে লেনদেন হয়েছে।