রবি আজিয়াটা লিমিটেডের নবগঠিত সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানের লক্ষ্য বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারে উচ্চপ্রযুক্তির ডিজিটাল সেবাভিত্তিক ক্লাউড সার্ভিস, ডাটা সেন্টার সার্ভিস, এআই, ডাটা অ্যানালিটিক্স, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, ইআরপি সলিউশন, মডার্ন ওয়ার্কপ্লেস সলিউশন ও আইওটির মতো পরিষেবা দেয়া। পাশাপাশি করপোরেট এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের (এসএমই) জন্য একটি শীর্ষস্থানীয় ওয়ান-স্টপ আইটি সমাধান এবং পরিষেবা প্রদানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
অ্যাকজেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘অ্যাকজেনটেক নিজেকে ব্যবসায়িক তৎপরতা এবং ভবিষ্যৎ প্রস্তুতি, বিশেষ করে করপোরেট এবং এসএমই ক্লায়েন্টদের জন্য একটি প্রভাবক হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমাদের ডাটা সেন্টারভিত্তিক সলিউশন করপোরেট এবং এসএমই খাতের সংযোগ ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বস্ততা, নিরাপত্তা ও অধিক উৎপাদনও নিশ্চিত করবে।’—বিজ্ঞপ্তি








