ভারতের বেসরকারি খাতের বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান এইচডিএফসি ব্যাংক। শনিবার সংস্থাটি ২০২২ সালের শেষ তিন মাসের আয়-ব্যয়ের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে এক বছর আগের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ। স্বাস্থ্যকর ঋণ প্রবৃদ্ধি পাওয়ায় মুনাফা বেড়েছে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটির।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শেষ তিন মাসে এইচডিএফসি ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১২ হাজার ২৫৯ কোটি রুপিতে (১৫১ কোটি ডলার)। এ মুনাফার পরিমাণ আগের বছরের একই সময়ের ১০ হাজার ৩৪২ কোটি রুপির চেয়ে বেশি। বিশ্লেষকরা ১১ হাজার ৮৩৩ কোটি রুপি মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

২০২২ সালের শেষ প্রান্তিকে ব্যাংকটির নিট সুদ আয় ২২ হাজার ৯৮৮ কোটি রুপিতে দাঁড়িয়েছে। যেখানে এক বছর আগে এ আয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৪৪৪ কোটি রুপি। এ সময়ে কোনো নিট সুদের মার্জিন ৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

এ সময়ে ব্যাংকটির খুচরা ঋণ ২১ দশমিক ৪ শতাংশ, বাণিজ্যিক ও গ্রামীণ ব্যাংকিং ঋণ ৩০ দশমিক ২ শতাংশ এবং অন্যান্য পাইকারি ঋণ বেড়েছে ২০ দশমিক ৩ শতাংশ। পাশাপাশি সংস্থাটির আমানতের পরিমাণ বেড়েছে ১৯ দশমিক ৯ শতাংশ। মূলত দীর্ঘমেয়াদি আমানত এবং চলতি ও সঞ্চয় অ্যাকাউন্ট মোট আমানতের পরিমাণ বাড়াতে সহায়তা করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ১৬ ডিসেম্বরের আগের দুই সপ্তাহে ভারতীয় ব্যাংকগুলোর ঋণের পরিমাণ এক বছর আগের তুলনায় ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে ঋণের তুলনায় আমানতে ধীরগতি দেখা গিয়েছে। এ সময়ে ব্যাংকগুলোয় আমানত বেড়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ।

বছরের শেষ তিন মাসে এইচডিএসসি ব্যাংকের সম্পদের মান আগের তিন মাসের তুলনায় স্থিতিশীল ছিল। ব্যাংকটির ঋণে খরচের অনুপাত আগের প্রান্তিকের দশমিক ৮৭ শতাংশ থেকে কমে দশমিক ৭৪ শতাংশে নেমেছে। যেখানে এক বছর আগে ঋণে খরচের অনুপাত ছিল দশমিক ৯৪ শতাংশ।