সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ মার্চ বেলা ১১টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মেও যুক্ত হতে পারবেন। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৬ মার্চ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৬ পয়সা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। 

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৪ টাকা ৩৯ পয়সা। 

সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ কোটি ৮১ লাখ টাকা। 

সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৪ কোটি টাকা বা ৭ দশমিক ২৩ শতাংশ। ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা, আগের বছরে যা ছিল ৫ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৪ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ৭৩ পয়সা। 

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৭ পয়সা। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ ও ২০১৬ হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০৭ কোটি ২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৬৪ দশমিক ২৪ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারের সমাপনী দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৫ টাকা ৪০ ও ৮৮ টাকা ৯০ পয়সা।