গত সপ্তাহের শেষ কার্যদিবস বাজেট ঘোষণার দিনে দেশের পুঁজিবাজারে কিছুটা দরপতন হয়েছিল। এর পর থেকে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও এ দরপতন অব্যাহত রয়েছে। গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা না থাকায় বিনিয়োগকারীরা হতাশ। এ কারণে পুঁজিবাজারে বর্তমানে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৩৩৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৫ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪০৩ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৯৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৬৩৬ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৫৩টির আর অপরিবর্তিত ছিল ৪২টি সিকিউরিটিজের বাজারদর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬২ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৮৯১ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর। গতকাল সিএসইতে ৪৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি টাকা।










