গত বছরের এপ্রিলের পর দক্ষিণ ভারতের কনোড়ের চায়ের নিলামে প্রথমবারের মতো পানীয় পণ্যটির গড় দাম কেজিপ্রতি ১০০ রুপি (ভারতীয় মুদ্রা) ছাড়িয়ে গেছে। একই সঙ্গে চায়ের গড় দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশনের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা কনোড় চা উৎপাদন ও বিপণনের জন্য বিশেষভাবে পরিচিত। একক জেলা হিসেবে ভারতের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদন ও বিপণন হয় এখানে। শুক্রবার কনোড়ে চলতি চা বিপণন মৌসুমের ২৪তম নিলাম অনুষ্ঠিত হয়েছে।

কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ১ রুপি। আগের নিলামে পানীয় পণ্যটির গড় দাম ছিল কেজিপ্রতি ৯৯ দশমিক ৭০ রুপি।

এর মধ্য দিয়ে পরপর দুই নিলামে চায়ের গড় দাম চাঙ্গা রয়েছে। একই সঙ্গে ২০১৯ সালের এপ্রিলের পর এবারই প্রথম চায়ের গড় দাম ১০০ রুপি ছাড়িয়ে গেছে।

গত মৌসুমের ২৪তম নিলামে কনোড়ে প্রতি কেজি চা গড়ে ৯৩ রুপিতে বিক্রি হয়েছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এখানকার নিলামে পানীয় পণ্যটির গড় দাম বেড়েছে ১৪ রুপির বেশি।

কনোড়ে অনুষ্ঠিত সর্বশেষ চায়ের নিলাম আরো একটি মাইলফলক ছুঁয়েছে। এ সময় পানীয় পণ্যটির গড় দাম তিন বছরের সর্বোচ্চে উঠেছে। এর আগে ২০১৭ সালের ৩০ মার্চ কনোড়ের নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম সর্বোচ্চ ১০৭ দশমিক ৪৭ রুপিতে উঠেছিল। এরপর সর্বশেষ নিলামে পানীয় পণ্যটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

কনোড়ের সর্বশেষ নিলামে সরবরাহ করা চায়ের ৯৩ দশমিক ৬৮ শতাংশ বিক্রি হয়েছে। পরিমাণের হিসেবে তা ১২ লাখ ৮৮ হাজার কেজি। আগের নিলামের তুলনায় পানীয় পণ্যটির বিক্রি বেড়েছে ২ লাখ ২ হাজার কেজি।