৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ২৬ শতাংশের বেশি কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে কোম্পাটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৫৬ পয়সা বা ২৬ দশমিক ১৭ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৩৯ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৯ সেপ্টেম্বর  দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২০ জুলাই।