জাপানি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর চলতি বছরের মুনাফা গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে। চীনের বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়নের কারণে বাড়বে আয়। এমনটিই পূর্বাভাস দিয়েছেন লন্ডন স্টক এক্সচেঞ্জের ১২ জন বিশ্লেষক। খবর রয়টার্স।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ২৬ শতাংশ বেড়ে ৩৭ কোটি ৪৬ লাখ ইয়েন হবে। এর আগে প্রতিষ্ঠানটির পূর্বাভাস ছিল ৩৭ কোটি। প্রত্যাশা অনুযায়ী আয় হলে তা ছাড়িয়ে যাবে গত বছরের রেকর্ড ২৯ কোটি ৭৩ লাখ ইয়েনকে।
ফাস্ট রিটেইলিংয়ের প্রতিষ্ঠানটির চলতি বছরের জুলাইয়ে রেকর্ড পরিমাণ আয় হয়েছে। এ কারণে তারা চীনে তাদের বার্ষিক আয়ের পূর্বাভাস আরো বাড়িয়েছে। ইউনিক্লোর বৃহত্তম বাজার চীন। দেশটিতে ৯০০টিরও বেশি স্টোর পরিচালনা করে প্রতিষ্ঠানটি। চীন মহামারী-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। মানুষ ব্যয় বাড়াতে শুরু করেছে।
ফাস্ট রিটেইলিং প্রতিষ্ঠা করেছে জাপানি ধনকুবের তাদাশি ইয়ানাই। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে কাজ করা খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। চীন লকডাউন শিথিল করার পর সেখানকার ইউনিক্লোর স্টোরগুলোয় বিক্রি বেড়েছে। এদিকে ২০২৩ সালের এ পর্যন্ত ডলারের বিপরীতে ১২ শতাংশ অবমূল্যায়ন ঘটেছে ইয়েনের। ফলে বাইরের দেশে কার্যক্রম পরিচালনা করা জাপানি প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে।










