বাস্তবসম্মত কর্মপরিকল্পনা, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে সরকারি মালিকানাধীন বিভিন্ন কলকারখানা বছরের পর বছর ধরে লোকসান গুনছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠান মানেই কিছু সিস্টেম লস, এটা আর শুনতে চাই না। দেশের মানুষ এ ধারণা গ্রহণ করবে না। প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ জনবলের সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানো হবে।’

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আয়োজনে গতকাল এক অনুষ্ঠানে এ কথা বলেন শিল্প উপদেষ্টা। বিসিআইসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, ‘শিল্প খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। গ্যাসের ঘাটতির কারণে কারখানাগুলো প্রায়ই বন্ধ হয়ে যায়। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি। ভোলায় একটি গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে অথবা সিলিন্ডারের মাধ্যমে সেখান থেকে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ করা যায় কিনা, সে দিকও ভাবা হচ্ছে।’

শিল্প খাতে বিসিআইসির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘এর আওতাধীন কারখানাগুলো জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। সারের মূল কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের স্বল্পতা ও মূল্যবৃদ্ধির কারণে প্রায়ই সমস্যার সৃষ্টি হয়, অনেক কারখানা বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। তবে কর্মকর্তাদের দক্ষতা ও নেতৃত্বের কারণে কিছু কারখানা আবারো চালু করতে পেরেছি।’

বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।