যুক্তরাষ্ট্রে আগামী মাসে শেল অয়েল (পাথুরে খাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো উত্তোলন কমতে যাচ্ছে। খবর অয়েল প্রাইস ডটকম।
এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, চলতি মাসে যুক্তরাষ্ট্রে দৈনিক ৯৪ লাখ ৩৫ হাজার ব্যারেল শেল অয়েল উৎপাদন হতে পারে। আগামী মাসে তা কমে দৈনিক ৯৪ লাখ ১৫ হাজার টনে নামার আশঙ্কা রয়েছে।
এর আগে এক প্রতিবেদেনে সংস্থাটি জানায়, আগামী মাসে কমলেও বছরজুড়ে সক্ষমতার চেয়েও বেশি উত্তোলন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে দৈনিক গড় জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ২৮ লাখ ব্যারেলে। ঊর্ধ্বমুখী দামের কারণে উত্তোলন বাড়াতে আগ্রহী হয়েছে উঠেছে কোম্পানিগুলো।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত বছরের তুলনায় দৈনিক ৮ লাখ ৫০ হাজার ব্যারেল বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে উত্তোলন রেকর্ড স্পর্শ করতে পারে। উত্তোলনের পরিমাণ দৈনিক ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার ব্যারেলে পৌঁছার সম্ভাবনা রয়েছে। ইআইএর দেয়া তথ্যানুযায়ী, আগামী বছর দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ৩ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ব্যারেলে।










