স্তন ক্যান্সার সম্পর্কে জানাতে এবং প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা এবং ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী। তারা উভয়েই সেমিনারে স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সেমিনারে  স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা ১০ নারীর হাতে পুরষ্কার দেয়া হয়। 

সেমিনারে ডা. আলি নাফিসা বলেন, স্তন ক্যান্সার এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নয়। এক্ষেত্রে আমাদের নারীদের সচেতন হতে হবে। কারণ আমরা যত দ্রুত এ রোগ নির্ণয় করতে পারবো ততটাই রোগীর জন্য ভালো। ডা. নাফিসা স্তন ক্যান্সার সচেতনতায় স্ক্রিনিংয়ের ওপর জোর দেন। 

একইভাবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. ইউসুফ আলী। তিনিও স্তন ক্যান্সারে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রফেসর ডা. মো. ইউসুফ আলী জানান,  প্রতিবছর বিশ্বে ১৫ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন।  এতে লাখে ১৫ জন নারী মারা যান। এছাড়া প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। তবে স্তন ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়ে যায় যদি প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা দেয়া যায়। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। 

এ আয়োজনের স্বাস্থ্য বিষয়ক পার্টনার ছিল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এছাড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ১৮ টি ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহীনা রফিক।- বিজ্ঞপ্তি